Sylhet Today 24 PRINT

হেলিকপ্টার যোগে ঈশ্বরদী গেলেন ছাত্রলীগ সভাপতি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

পাবনার ঈশ্বরদীতে একটি অনুষ্ঠানে হেলিকপ্টার যোগে গেলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।  

জানা গেছে, ঈশ্বরদীর পৌর সদরে শুক্রবার জঙ্গি সন্ত্রাস মাদক ও সাম্প্রদায়িকতা বিরোধী র‌্যালি ও কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ পারটেক্স এভিয়েশনের একটি হেলিকপ্টারযোগে ঈশ্বরদী যান। শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে চেপে ঈশ্বরদী ডাল গবেষণাকেন্দ্রের মাঠে নামলে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা সাইফুর রহমান সোহাগকে ফুল দিয়ে স্বাগত জানান।

ভূমিমন্ত্রী পুত্র শফিকুর রহমান কনক এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রীর কন্যা ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজাবিন শিরিন পিয়া, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক।

ছাত্রলীগ নেতার হেলিকপ্টার বিলাসিতার বিষয়টি পাবনায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির হেলিকপ্টারযোগে ঈশ্বরদী আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে মনে করি এই সংস্কৃতি শোভনীয় নয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেখানে ছাত্রলীগ নেতার এমন হেলিকপ্টার বিলাসিতা মোটেও কাম্য নয়।

এদিকে, চার বছর পর ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার। সম্মেলনের একজন আমন্ত্রিত অতিথি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত থাকার কথা রয়েছে।

শনিবার সকালে শহরের প্লাজা কমিউনিটি সেন্টারে আয়োজিত ছাত্রলীগের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। সম্মেলন উদ্বোধন করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন। বক্তব্য দেবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক।

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মাসুদ মণ্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মণ্ডল, মোহাম্মদ রশিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.