Sylhet Today 24 PRINT

‘একটি বুলেট শেখ হাসিনাকে তাড়া করে ফিরছে’

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ মে, ২০১৭

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। শেখ হাসিনাকে একটি বুলেট তাড়া করে ফিরছে।

মঙ্গলবার (১৬ মে) বিকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী রাজনীতিতে সবচেয়ে সফল নাম শেখ হাসিনা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাম শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ হাসিনার কারণে বিরোধীরা কোনঠাসা হয়ে পড়েছে। এটা কেউ স্বীকার করুক আর নাই করুক, তার উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতির উপর কালো ছায়া ফেলেছে। তা থেকে তারা আর বেরুতে পারছেন না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভিশনের বিপরীতে ভিশন দিয়ে ফখরুল সাহেব বলছেন দল চাঙ্গা হয়েছে। ভাল বলেছেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন। তারা কি সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের অনুকরণ করে অনুসরণ করলে বুঝবো, নেতিবাচক রাজনীতি থেকে আপনারা সরে এসেছেন। ইতিবাচক পথে ফিরেছেন। এটি গণতন্ত্রের জন্য খুবই মঙ্গলের।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচন সহজ হবে না। অনেক কঠিন হবে। আওয়ামী বিরোধী সব শক্তি সেখানে এক হবে। এদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.