Sylhet Today 24 PRINT

সারাক্ষণ মন্ত্রীর সাথে থাকার প্রয়োজন নেই, ডিসিদের ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৭

ঢাকার বাইরে সফরে ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক

কোনো এলাকায় মন্ত্রীর সফরের সময় জেলা প্রশাসকদের সারাক্ষণ মন্ত্রীর সঙ্গে থাকার প্রয়োজন নাই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জেলা নির্বাহী কর্মকর্তারা মন্ত্রীর পেছনে ব্যস্ত হয়ে পড়লে অন্য কাজের ক্ষতি হয়।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সপ্তম কার্য-অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষ করে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ভিআইপিদের নিয়ে ব্যস্ত না থাকার উপর জোর দিয়েছেন তিনি।

“চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অসংখ্য ভিআইপি যায়, প্রটোকল ম্যাজিস্টেট যেতে পারে, ডিসি-এসপি যদি মন্ত্রীর পেছনে এত ছোটাছুটি করে, তাহলে কাজ করবে কখন?

“জেলা প্রশাসকদের অনেক কাজ থাকে। দেশে অনেক সমস্যা, তারা অফিসে ফাইল ওয়ার্ক কখন করবে, আর কখন তারা জনগণের কথা শুনবে। এখানে (ভিআইপিদের নিয়ে ব্যস্ততা) জনস্বার্থ বিঘ্নিত হয়।”

“আমি বলেছি, কেবিনেট সেক্রেটারির মাধ্যমে আপনার বিষয়টি একটু রিভিউ করে বিবেচনা করুন ডিসি-এসপির উপস্থিতি মাস্ট হবে কেন, অন্য কেউ তো যেতে পারে। মন্ত্রী গেলে মন্ত্রীর সাথে দেখা করবে, এটি নিয়ম; কিন্তু সারাক্ষণ মন্ত্রীর সাথে থাকার প্রয়োজন নেই,” বলেন কাদের।

কোনো এলাকায় ব্যাটারিচালিত রিকশা, নসিমন-করিমন বন্ধে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হলে তা সরাসরি ফোন দিয়ে জানাতে জেলা প্রশাসকদের বলেছেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, ব্যাটারিচালিত রিকশা, নসিমন, করিমন, ভটভটি ২২ সড়কে নিষিদ্ধ করেছি। বেশকিছু জায়গায় বাস্তবায়ন হয়েছে ভালোই, কিছু কিছু জায়গায় বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে না।

“কেউ কেউ অভিযোগ করেছেন, রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে, রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিরা বাধা দেন। আমি রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি বলছি, কেউ যদি বাধা দেয়, সরাসরি আমাকে জানাবেন।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.