Sylhet Today 24 PRINT

আয়ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ, তহবিলে জমা ২৫ কোটি

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৭

নির্বাচন কমিশনে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা মোট আয় করেছে ৪ কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ৯৭ টাকা। ব্যয় করেছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

আয় ব্যয়ের পার্থক্য ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা। ব্যাংকে আগের বছরের হিসাবের সাথে এটা যোগ করে মোট জমার পরিমাণ ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।

সোমবার (৩১ জুলাই) সকালে আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই হিসাব জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

২০১৫ সালের যে হিসাব বিবরণী আওয়ামী লীগ গতবছর জমা দিয়েছিল, তাতে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা আয়ের বিপরীতে ব্যয় দেখানো হয়েছিল ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা।

আওয়ামী লীগের আয়ের প্রধান উৎসগুলো হলো কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, মনোনয়ন ফরম বিক্রি, উপনির্বাচন, অনুদান, ব্যাংকপ্রাপ্ত সুদ থেকে আয়। মোট ব্যাংকপ্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।

ব্যয়ের প্রধান উৎসগুলো হলো কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় সভা অথবা জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, উত্তরণ-পত্রিকা প্রকাশনা ও সংশ্লিষ্ট খরচ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠন অনুষ্ঠান, সাংগঠনিক খরচ ও অন্যান্য ব্যয়।

হিসাব জমা দেওয়ার পর ড. রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আমাদের তহবিলের বড় একটি অংশ আমরা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখি। বাকি একটি অংশ নিয়মিত ব্যয়ের জন্য রেখে দেই। এ বছর আমরা ব্যাংকে আমানত রেখে সুদ পেয়েছি এক কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।’

অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ছিলেন এই প্রতিনিধি দলে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.