Sylhet Today 24 PRINT

সরকার মাথা না ঘামালে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত: এরশাদ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৭

বিএনপিকে নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে, মাথা না ঘামালে বিএনপির অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, বিএনপিকে নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে। এই বিএনপির অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেত। এই বিষবৃক্ষ বিএনপিকে সরকারই বাঁচিয়ে রেখেছে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)-এর আয়োজনে এক প্রতিনিধি সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, দেশের মানুষ বিএনপি চায় না, হাওয়া ভবন চায় না। তারা এই সরকারও চায় না।

জাপা চেয়ারম্যান বলেন, ‘মানুষ পরিবর্তন চায় এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে। ক্ষমতায় যেয়ে লুটপাট নয়, শান্তি ফিরিয়ে আনব। আমরা ক্ষমতায় আসতে চাই পরিবর্তনের জন্য। দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য নয়।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘তত্ত্বাবধায়ক সরকার’ চান না বলে জানান এরশাদ। তিনি বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার ঘৃণা করি। আমরা সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’

৫৮টি রাজনৈতিক দল নিয়ে জাপার নেতৃত্বে বিএনএ গঠনের পর এই প্রথম জোটের সম্মেলন হলো। জোট সম্পর্কে এরশাদ বলেন, ‘জোট বড় করতে পারতাম। অনেকেই ইচ্ছা ব্যক্ত করেছিল। কিন্তু সরকার মনে করল, আমাদের দল শক্তিশালী হলে তারা ক্ষমতায় থাকতে পারবেন না। তাই বাধা দিয়েছিল। বাধা দিয়ে কী হবে, বন্যার পানিকে কী বাধা দিয়ে রাখা যায়?’

জোটের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘প্রস্তুতি গ্রহণ করো। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ ও জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি বলেন, বিএনএ ও এরশাদ ছাড়া কোনো বিকল্প নেই। এ দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা একটা ফাঁকিবাজী। এ পদ্ধতিতে দেশে দুর্নীতি হচ্ছে। দেশের মানুষ এই পদ্ধতি থেকে মুক্তি চায়। তাই রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ গ্রামীণ পার্টিসহ বিএনএ জোটের বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.