Sylhet Today 24 PRINT

রিভিউয়ের প্রস্তুতিতে রাষ্ট্রপক্ষ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৭

বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়ার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রায়ের সত্যায়িত কপির জন্য আবেদন করা হয়েছে। রায় ভালোভাবে পড়া হচ্ছে, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করেই রিভিউ আবেদন করা হবে।

“রায়ে অপ্রাসঙ্গিক কথা আছে। রিভিউয়ে সেগুলোও আসবে। সরকার তার জন্য তৈরি হচ্ছে। প্রকাশিত রায় এখন পাবলিক ডকুমেন্ট। যে ভাষায় বা যে প্রতিক্রিয়ায় আদালত অবমাননা না হয়, সেভাবেই রায়ের বিষয়ে সমালোচনা করা উচিত অথবা প্রতিক্রিয়া দেখানো উচিত।”

এরআগে গত ১০ অগাস্ট এক সংবাদ সম্মেলনে রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদসহ বেশ কিছু বিষয়ে ‘অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক কথা’ এসেছে জানিয়ে তা ‘এক্সপাঞ্জ’ করার উদ্যোগ নেওয়া হবে বললেও তখন রিভিউয়ের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি মন্ত্রী।

এবার রিভিউ আবেদনে সেইসব ‘অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক কথা’র বিষয়ে আলোকপাত করা হবে বলে জানান আনিসুল হক।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১ অগাস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।

এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গত ১০ অগাস্টের সংবাদ সম্মেলন আইনমন্ত্রী বলেছিলেন, মামলার ‘ফ্যাক্ট অব ইস্যুর’ সঙ্গে সম্পর্কিত নয় এমন ‘অনেক অপ্রাসঙ্গিক কথা’ প্রধান বিচারপতি তার রায়ে বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.