Sylhet Today 24 PRINT

পূর্ণাঙ্গ রায় ‘আইএসআইয়ের লেখা’: বিচারপতি মানিক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া পূর্ণাঙ্গ রায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের লেখা বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেছেন, এই ষোড়শ সংশোধনীতে তাঁর (প্রধান বিচারপতি) লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন। অনেক শব্দ আছে যেসব শব্দ তাঁর লেখা আগের কোনও রায়ে নাই। অর্থাৎ এত পরিষ্কার এই লেখা রায় তার লেখা নয়। অন্য কেউ লিখে দিয়েছে, সম্ভবত পাকিস্তানি কোনও আইএসআই লিখে দিয়েছে।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আরও বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহার বাংলাদেশে থাকার কোনও অধিকার নেই।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, 'ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি অবজারভেশনে বলেছেন, প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে সেটা তার অযোগ্যতা।'

'এসব করে তিনি অনেকভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। শপথ ভঙ্গ করেছেন, তার আর এই পদে থাকার কোনও অধিকার নাই তাঁকে অবশ্যই এই পদ ছেড়ে চলে যেতে হবে', বলেন বিচারপতি মানিক।

ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া পূর্ণাঙ্গ রায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের লেখা দাবি করে অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, 'এই ষোড়শ সংশোধনীতে তাঁর লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন। অনেক শব্দ আছে যেসব শব্দ তাঁর লেখা আগের কোনও রায়ে নাই। অর্থাৎ এত পরিষ্কার এই লেখা রায় তার লেখা নয়। অন্য কেউ লিখে দিয়েছে, সম্ভবত পাকিস্তানি কোনও আইএসআই লিখে দিয়েছে।'

২৫ দিনে ৪০০ পৃষ্ঠার রায় কোনও ভাবেই লেখা সম্ভব নয় দাবি করে মানিক বলেন, ‘উনি মাত্র ২৫ দিনের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, যেটা ইম্পসিবল (অসম্ভব), যেটা হতে পারে না। এটা তাঁর লেখা রায় মোটেও নয়।'

এ সময় প্রধান বিচারপতিকে উদ্দেশ করে এই বিচারপতি বলেন, 'সবচেয়ে বড় কথা, তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। এ দেশে থাকার কোনও অধিকার তোমার নাই। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার করো না যেটা বিশ্ববাসী স্বীকার করে।'

শোক দিবসের এই আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদও বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.