Sylhet Today 24 PRINT

শফীপুত্রের সঙ্গে মতবিরোধ, হেফাজতের প্রেস সচিবকে অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব ও হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদকের পদসহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সব দায়িত্ব থেকে মাওলানা মুনির আহমদকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার বিকালে তার কাছ থেকে যাবতীয় হিসাবপত্র ও অফিস কক্ষ বুঝে নেয়া হয়েছে।

মাওলানা মুনির আহমদ বলেন, হেফাজত আমিরের ছেলে মাওলানা আনাস মাদানির সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। বিষয়টি গত ১৫ জুলাই হাটহাজারী মাদ্রাসার মজলিশে শূরার বৈঠক শেষে নিরসন হয়েছিল। তবে সোমবার বিকেলে তার কাছ থেকে যাবতীয় হিসাবপত্র ও অফিস কক্ষ বুঝে নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, আমি ১৯৯৫ সালের জানুয়ারি থেকে হাটহাজারী মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘ ২৩ বছরে আমার সাধ্যানুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। মাওলানা আনাস মাদানির ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে আমাকে দীর্ঘ ২৩ বছরের কর্মস্থল থেকে অব্যাহতি পেতে হবে, তা কল্পনাও করিনি।

মাওলানা মুনির আহমদ বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। অনেক কথা বলার থাকলেও আমি ধৈর্য ধারণের চেষ্টা করছি।

এ ব্যাপারে হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.