Sylhet Today 24 PRINT

সিলেটের ডেইজী ঢাকা উত্তরের প্যানেল মেয়র

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

লন্ডনের চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অনুপস্থিতিতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য সরকার তিন সদস্যের যে মেয়র প্যানেল নির্ধারণ করে দিয়েছে সেখানে আছেন সিলেটের গোলাপগঞ্জের মেয়ে আলেয়া সারোয়ার ডেইজী। ডেইজী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর।

গত ৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তিন জনের মেয়র প্যানেল মনোনীত করে এক প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে জ্যেষ্ঠতার ক্রমানুসারে এরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি, ৪ ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং ৩১, ৩২ ও ৩৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী।

গত ২৯ জুলাই ব্যক্তিগত কাজে লন্ডনে যান আনিসুল হক ।সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে চিকিৎসকরা জানান, তিনি মস্তিষ্কের রক্তনালির প্রদাহে ভুগছেন। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়।

আলেয়া সারোয়ার ডেইজীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তাঁর বাবা ব্যবসায়ী মো. মতলিব আলী। মামা বাবরুল হোসেন বাবুল জাতীয় পার্টি নেতা হিসেবে সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। চাচা এ কে এম গাউছ সিলেট-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, কোনো কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে কাউন্সিলরদের মধ্যে জ্যেষ্ঠতা অনুসারে মেয়রের প্যানেলের কোনো সদস্য তার সব দায়িত্ব পালন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.