Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ইস্যুতে সরকার দায়িত্ব পালন করেনি: রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। আজকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন মুসলিম দেশ যেভাবে জাগ্রত হয়েছে, জাতিসংঘ যেভাবে প্রতিবাদ করছে অন্যান্য দেশ যেভাবে কথা বলছে, একসঙ্গে সোচ্চার হয়ে জোরালো একটা অবস্থান নিচ্ছে, একই অবস্থান বাংলাদেশের সরকারের কাছ থেকে দেখা যাচ্ছে না। বাংলাদেশ সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, 'এই গণবিরোধী সরকার আসলে জনগণের সরকার নয়। এটা জনগণের সরকার হলে জনগণের সেন্টিমেন্ট বুঝত।'

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির নীতিকে ভারত সমর্থন করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, 'ভারত নিজেদের বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের অং সান সুচির নীতিকে সমর্থন করলেন। আমরা বিস্মিত, আমরা হতবাক হয়ে গেলাম।'

তিনি বলেন, চট্টগ্রামে পালিয়ে আসার রোহিঙ্গাদের দুরবস্থা। রোহিঙ্গা যারা বাংলাদেশে পালিয়ে আসছে তারা নাফ নদীর তীরে শুয়ে আছে অনাহারে, অর্ধাহারে, খোলা আকাশের নীচে, খাদ্যহীন অবস্থায়।

অং সান সুচির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, মুসলমানের কোনো মানবাধিকার থাকবে না, মুসলমান তার নিজ বাড়িতে বসবাস করতে পারবে না, তাদের কোনো অধিকার থাকবে না! তারা রাখাইন রাজ্যে বাস করছে শত শত বছর ধরে, তারা নিজ দেশে থাকতে পারবে না— এটা হতে পারে না।

রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, 'আমরা এর কূটনৈতিক সমাধান চাই।'

মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ওপর অত্যাচার- নির্যাতন ও সন্ত্রাস হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবাদ করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.