Sylhet Today 24 PRINT

‘১০ টাকার কথা বলে সরকার ৭৫ টাকায় চাল খাওয়াচ্ছে’

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৭

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছে। আর এখন দেশের মানুষকে ৭৫ টাকা কেজি দরে চাল কিনে খেতে হচ্ছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, এ সরকার কথায় এবং কাজে এক নয়। তারা সঠিকভাবে রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারছে না। এবং বিএনপিকেও ত্রাণ দিতে বাঁধা দিচ্ছে।

বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের দিন শেষ হয়ে আসছে। আগামীতে দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে এবং বিএনপিই সরকার গঠন করবে।

জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সহসভাপতি সাদেকুল আলম খোকা প্রমুখ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.