নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০১৭
মিয়ানমার ও ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার চক্রান্তের খবরকে ভিত্তিহীন বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে একটি বিদেশি টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বিগত ২৪ আগস্ট ২০১৭ তারিখে প্রাণনাশী হামলার ব্যর্থ প্রচেষ্টার খবর প্রকাশ করে। মাননীয় প্রধানমন্ত্রীর উপর তথাকথিত ব্যর্থ হামলার সাথে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেল খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর ২৪ আগস্ট ২০১৭ তারিখে হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক স্বার্থ পরিপন্থি এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যেকোনো দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষ থেকে মোটেও কাম্য নয়।
এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার বিবেচনাপ্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করে মিয়ানমার ও ভারতের একাধিক মিডিয়া। সে সূত্র উল্লেখ করে বাংলাদেশের কিছু মিডিয়া সংবাদ প্রকাশ ও টকশোতে আলোচনা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে আলোচিত হয়।
প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে ধারাবাহিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল জেএমবি জঙ্গিরা। বাংলাদেশ ও ভারতের জঙ্গি-সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা তা ভেস্তে দেন।