Sylhet Today 24 PRINT

দুদকের মামলায় খালাস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছিম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এক মামলার খালাস পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বলেন, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আসলে এটি একটি পেটি মামলা। আদালত মামলায় কিছু পায়নি বলেই খালাসের রায় দিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর বিচারক কেএম ইমরুল কায়েস উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন। এর আগে মামলার বিচারকার্য চলাকালে অভিযোগপত্রভুক্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এক  কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ।

দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৮ অক্টোবর বাহাউদ্দিন নাছিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। বাহাউদ্দিন নাছিমের মা নোটিশ গ্রহণ করেন।

এরপর ১৭ জুলাই নাছিম তার মা নুর জাহান বেগমের মাধ্যমে ২ কোটি ৭ লাখ ৬৬৮ টাকার সম্পদ বিবরণী দাখিল করেন।

মামলায় বলা হয়, সম্পদ বিবরণী যাচাইকালে বাহাউদ্দিন নাছিম এবং তার স্ত্রীর ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকা টাকার সম্পদ গোপন করেন। ফলে তারা এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.