Sylhet Today 24 PRINT

খালেদা ফিরছেন এই সপ্তাহেই, ইঙ্গিত ফখরুলের

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৭

খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে চলতি সপ্তাহেই ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, ‘খালেদা জিয়া খুব শিগগিরই দেশে ফিরছেন।’ এ সপ্তাহেই ফিরবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করতে বিএনপি চেয়ারপার্সন যুক্তরাজ্যে যান। সেখানে ছেলে তারেক রহমানের বাড়িতে কোরবানির ঈদ করেন।  এর আগে ওয়ান-ইলেভেনের পর খালেদা জিয়া ২০১৫ সালে যুক্তরাজ্যে দুমাস ছিলেন। এবার আড়াই মাস পেরিয়ে গেছে।

এর মধ্যে তিনটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা হয়। এর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ বিএনপির।

শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে হেয়াররোডের বাসভবন ছাড়ার আগে বাসার গেটে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত বিবৃতি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে, তা প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.