Sylhet Today 24 PRINT

মিথ্যা কথা বলা আমার পেশা নয়, অভ্যাসও নাই: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার অসুস্থতার বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার জবাবে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, মিথ্যা কথা বলা আমার পেশা নয়, অভ্যাসও আমার নাই।

রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া বিবৃতির জবাব দিতেই এ সংবাদ সম্মেলনে আসেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে যাওয়ার আগে প্রধান বিচারপতি বলেন,  আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমার কারও প্রতি কোনো বিরাগ নেই। আমার দৃঢ়বিশ্বাস, সরকারকে ভুল বোঝানো হয়েছে। এই আমার বক্তব্য। আর কিছু বলব না।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত। তাই চিকিৎসার জন্য তিনি ছুটি নিয়েছেন।

এ নিয়ে শনিবার বিএনপির নেতারা তাদের বক্তব্যে বলেন,  আইনমন্ত্রী মিথ্যা কথা বলেছেন। শপথ ভঙ্গ করেছেন। এ জন্য তার পদত্যাগও দাবি করেন বিএনপি নেতারা।
 
রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির লেখা চিঠির সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা হচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি সেই চিঠি গণমাধ্যমের কাছে তুলে ধরেছি। সেই চিঠি এবং তাঁর বক্তব্য মিথ্যা নয়। যারা সেটিকে মিথ্যা বলতে চাইছে, সেসব অর্বাচীনকে আমি বলব, মিথ্যা কথা বলা আমার পেশা নয়, অভ্যাসও নেই।’

তিনি বলেন,  প্রধান বিচারপতি নিজ হাতে স্বাক্ষর করা চিঠিতে অসুস্থতার কথা বলেছেন। এখন বলছেন তিনি সুস্থ আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.