সিলেটটুডে ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৭
রোহিঙ্গারা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ’ হয়ে বাংলাদেশে আসছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।
আহমেদ হোসেন বলেন, রোহিঙ্গা সঙ্কট এখন আর ‘জাতীয় ইস্যু না, আন্তর্জাতিক ইস্যু’। জাতিসংঘ রোহিঙ্গাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তা শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণেই হয়েছে।
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, অনেকে বলছে রোহিঙ্গারা আসছে শেখ হাসিনার জন্য অভিশাপ হয়ে। আমি বলব, রোহিঙ্গারা বাংলাদেশে আসছে শেখ হাসিনার জন্য আর্শীবাদ হয়ে।”
এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “এর জন্যই রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন। আর বিএনপি নেত্রী হলেন মাদার অব বার্বারিটি।”
মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন পীড়নের মুখে গত দেড় মাসে সোয়া পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এই সঙ্কট নিরসনে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা আলোচনা সভায় বক্তব্য দেন।