Sylhet Today 24 PRINT

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ৫ জানুয়ারি বিএনপির উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং দেশব্যাপী মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

‘নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির পরাজয় নিশ্চিত’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, "যদি তাই হয় তাহলে ওবায়দুল কাদের সাহেবরা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন? ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রহীনতার গভীর খাদের দিকে ঠেলে দিলেন কেন?"

তিনি বলেন, "বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের গণবিরোধী কার্যক্রমে গোটা দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। নানা কেলেঙ্কারির হোতা বর্তমান সরকার এবং ‘বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট-নির্বাচন কমিশন’ এর অধীনে কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বছরের প্রথম দিনে জনগণের প্রত্যাশা- নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করতে হবে।"

রিজভী বলেন, "বাংলাদেশের গণতন্ত্র লাল দেওয়ালের ভেতরে বন্দী। গণতন্ত্রে অপরিহার্য শর্ত হলো বিরোধী দল। প্রধান বিরোধী দল বিএনপি সরকারি নির্যাতনের শিকার। গণতন্ত্রে স্বীকৃত সভা-সমাবেশকে তারা বানচাল করেছে। কণ্ঠরোধ করার জন্য গণমাধ্যম থেকে শুরু করে নানা চিন্তা, মত ও বিশ্বাসের মানুষের ওপর নেমে এসেছে সরকারের নানা আক্রমণের আঘাত।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.