সিলেটটুডে ডেস্ক | ১৬ জানুয়ারী, ২০১৮
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট ১৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ধানের শীষের প্রার্থী আরেক ব্যবসায়ী তাবিথ আউয়ালের সঙ্গে।
মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আশেকী, আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মেয়ে জামাই ব্যবসায়ী আবেদ মনসুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হাসান মেহেদী, মেজর (অব.) ইয়াদ আল ফকির, তেজগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হাসান, যুবলীগের সাবেক নেতা আবুল বাশার, তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের প্রধান উপদেষ্টা আদম তমিজি হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আলম, ব্যবসায়ী হেলালউদ্দিন হেলাল, মনিপুরী স্কুলের প্রিন্সিপাল ফরহাদ হোসেন ও অধ্যক্ষ শাহ আলম।
নির্বাচন কমিশনের ষোষিত তফসিল অনুযায়ি নির্বাচনে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এবং ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আতিক বিজিএমইএর সভাপতি ছিলেন ২০১৩-১৪ মেয়াদে। এখন তিনি পোশাক খাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে গঠিত ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ-সিবাইয়ের সভাপতি। আতিকের এক ভাই মো. তাফাজ্জাল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।
আতিক বলে আসছেন, প্রয়াত আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করাই তার প্রাথমিক লক্ষ্য।