Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের কর্মসূচীতে ছাত্রদল অপকর্ম করছে : জয়

নিউজ ডেস্ক |  ১০ জুন, ২০১৫

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মসূচিতে ঢুকে নানা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৯ জুন) ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় জয় বলেন, ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্রলীগের ইমেজ তথা সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নিতে সংগঠনের নেতাদের সঙ্গে এই সভা ডাকেন জয়। তার তলবে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, বৈঠকে নিউইয়র্ক আওয়ামী লীগের কার্যক্রম ছাড়াও সংগঠনের দুই-একজন নেতার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র যুবলীগ ও শ্রমিক লীগসহ দলের অন্য সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়েও কথা হয় বৈঠকে। বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আন্তর্জাতিক মহল ও দেশে নিজ নিজ এলাকায় সবাইকে সজাগ করতে প্রবাসের নেতাদের কাজ করার আহ্বান জানান জয়। সেই সঙ্গে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।

অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এম ফজলুর রহমান ও আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.