Sylhet Today 24 PRINT

খাবার নয়, মানুষ এখন বাকস্বাধীনতা চায়: মঈন

নিউজ ডেস্ক |  ১২ জুন, ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ‘এক মুঠো খাবার’ নয়, ‘কথা বলার স্বাধীনতা’ চায়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে দূরে সরিয়ে রেখেছে বলেও তিনি অভিযোগ করেছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, কাউকে এখন একমুঠো খাবার আর মত প্রকাশের স্বাধীনতার মধ্যে একটি বেছে নিতে বলা হলে সে দ্বিতীয়টিই নেবে।

“বাংলাদেশের ১৬ কোটি মানুষ এক মুঠো খাবার নয়, কথা বলার স্বাধীনতা চায়।... এই সত্যকে যারা অস্বীকার করে, তারা কোনোভাবেই স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।”

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা বিএনপির অভিযোগ, তাদের মত প্রকাশের, রাজনীতি করার স্বাধীনতা সরকার ‘হরণ’ করেছে। অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীনরা বলে আসছে, নির্বাচনে অংশ না নেওয়ার ‘ভুলেই’ বিএনপির এখন ‘ভগ্নপ্রায় দশা।’

সরকারের সমালোচনা করে মঈন খান আলোচনা সভায় বলেন, বাংলাদেশে এখন ‘গণতন্ত্র নেই’, তাই ‘উন্নয়নের বুলি অর্থহীন’।

“সরকার বলছে উন্নয়ন করবে, গণতন্ত্র থাকবে বকেয়া। এটা হয় না, এটা হতে পারে না। এটা আদর্শিক কোনো কথা নয়।”

জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

সাবেক রাষ্ট্রপতি জিয়ার কর্মকাণ্ড তুলে ধরে মঈন খান বলেন, “বিশেষ সম্প্রদায় মনে করেছিল ৩০ বছর পরে জিয়াউর রহমানকে কেউ মনে রাখবে না। কিন্তু বাংলাদেশের ৭০-৮০ শতাংশ মানুষ তাকে মনে রেখেছেন, শ্রদ্ধা করছেন।”

মুক্তিযুদ্ধের প্রধান অবলম্বন গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে এখন ‘ভূলুণ্ঠিত করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন মঈন, যদিও তার দল বিএনপির বিরুদ্ধে অনেক আগে থেকেই ‘ইতিহাস বিকৃতির’ অভিযোগ করে আসছেন আওয়ামী লীগের নেতারা।

মঈন বলেন, “নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারছে না। নতুন করে টেক্সট বুক রচিত হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে। বাংলাদেশ আজব দেশ, যেখানে সরকার ইতিহাস লেখে।”

নতুন প্রজন্মকে ‘সত্যিকারের’ ইতিহাস জানানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, টেক্সট বইয়ে ‘কঠিন সত্যগুলো’ লেখা নেই। এগুলোও তাদের জানাতে হবে।

“আজ যারা স্বাধীনতার দাবিদার, তারা সেদিন (মুক্তিযুদ্ধের সময়) বাংলাদেশ থেকে এদিক-সেদিক ছুটে গিয়েছিল।”

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য আ ফ ম ইউসুফ হয়দারও ‘শহীদ জিয়ার রাজনীতি এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.