Sylhet Today 24 PRINT

১১ নয় ১২ মার্চ জনসভা করতে চায় বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চ নয়, একদিন পিছিয়ে ১২ মার্চ জনসভা করার পরিকল্পনা করছে বিএনপি।

শুক্রবার (২ মার্চ) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগে ১১ মার্চ জনসভার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জনসভার অনুমতি দেবে।’

এর আগে বৃহস্পতিবার (১ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ মার্চ জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তার একদিন বাদেই জনসভার নতুন তারিখ ঘোষণা করা হলো।

তবে কি কারণে সভা একদিন পিছিয়ে দেওয়া হলো, তার কোনো কারণ আজ রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলার দোহাই দিয়ে আমাদের জনসভা করতে দেওয়া হয়নি। এ কারণে আমরা আবারও পুলিশকে অবহিত করেছি। আশা করছি, আমরা সমাবেশের অনুমতি পাব।’

ঢাকার এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করা হবে বলেও জানান রিজভী।

এ সময় রিজভী ঢাকা বারের নির্বাচন ও ভোট গণনার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকা বারের ভোট গণনার সময় কিছুটা হট্টগোল হয়েছে। এটি আইনজীবীদের একটি নির্বাচন। আমরা আশা করব, আইনশৃঙ্খলা বাহিনী ভোট গণনা যাতে সুষ্ঠু হয়, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মনির, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.