Sylhet Today 24 PRINT

৮ মে জামিন পাবেন খালেদা জিয়া!

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮ মে সুপ্রিম কোর্টে শুনানিতে জামিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (৫ মে) বিকেলে বিএনপিপন্থী পাঁচজন আইনজীবী কারাগারে গেলে তাদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর কারাগার থেকে বেরিয়ে খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপারসনের আশাবাদের কথা জানান। একইসঙ্গে খালেদা জিয়ার দ্রুত ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন বলেও জানান তিনি।

মানবিক কারণে হলেও বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা উচিত ছিল বলে মন্তব্য করে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটা না করা সরকারের অমানবিক আচরণ। কিন্তু তিনি (খালেদা জিয়া) মনোবল হারাননি। মিথ্যে মামলায় সঠিক হয়নি। এখনও বিশ্বাস করেন, মিথ্যে মামলায় দেওয়া সাজা বাতিল হবে এবং তিনি জামিন পাবেন।’

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, “খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। তিনি আমাদের বলেছেন, ‘আমাকে রাজনৈতিক কারণে জেলে রাখা হয়েছে, হয়তো সাজা দিয়েছে, সেখানে আমার কোনও সম্পৃক্ততা নেই। কোনও চেকে আমি সাইন করিনি। অযথা আমাকে এই সাজা দেওয়া হয়েছে। আমি শারীরিকভাবে অসুস্থ।”

‘আমরা আইনজীবীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি শারীরিকভাবে অসুস্থ। জেল কর্তৃপক্ষের সুপারিশের পরেও আমরা যা জানতে পারলাম, তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যাপারে সরকার গড়িমসি করছে।’ এমনটাই দাবী করেছেন খন্দকার মাহবুব।

তিনি বলেন, ‘এ কারণে তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবনতি ঘটছে। সবচেয়ে বড় হচ্ছে, চেয়ারপারসনের ফিজিওথেরাপি করা দরকার জরুরি ভিত্তিতে। জেলখানায় ফিজিওথেরাপির ব্যবস্থা নেই। তার চিকিৎসকেরাও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।’

বিকেল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে খন্দকার মাহবুব সহ পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান আবদুর রেজাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এসময় প্রায় এক ঘণ্টা কারাগারে অবস্থান করেন বিএনপিপন্থী এই আইনজীবীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.