Sylhet Today 24 PRINT

গাজীপুর সিটির নির্বাচনী কার্যক্রম বন্ধের নির্দেশ ইসির

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিষেধাজ্ঞা দেওয়ার পর সেখানকার সব ধরনের নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, টেলিভিশনে তারা দেখেছেন হাই কোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তবে ইসি এখনো এ আদেশের কোনো কপি পায়নি। যেহেতু ইসি হাই কোর্টের আদেশের বিষয়টি জানতে পেরেছে, তাই নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কোন পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ নির্দেশনা দিয়েছেন, ইসির কোনো আইনজীবী সেখানে ছিলেন কি না, সেসব বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তবে হাই কোর্টের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.