Sylhet Today 24 PRINT

আপনাকে আমরা ছাড়ব না, মুহিতকে রওশন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

কয়েক বছর ধরেই অবসরে যাওয়ার বিষয়ে কথা বলছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সর্বশেষ ৪ জুন সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটই তার সর্বশেষ বাজেট।

কিন্তু বিষয়টি মেনে নিতে পারছেন না জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ। অর্থমন্ত্রীকে এখনই অবসরে দেখতে চান না তিনি।

বুধবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় রওশন অর্থমন্ত্রীকে দ্রুত অবসরে না যাওয়ার অনুরোধ করেন।

‘অর্থমন্ত্রী বলেছেন, এটা তার শেষ বাজেট। এটা উনি কেন বলেছেন? আপনাকে আমরা ছাড়ব না। আপনার মতো গুণী-জ্ঞানী ব্যক্তি আমরা পাব কোথায়?’, বলেন রওশন।

রওশন আরো বলেন, ‘যে দেশে তলাবিহীন ঝুড়ি ছিল, সে দেশে বাজেট প্রণয়ন করা কষ্টসাধ্য, ওনি ১০টি বাজেট দিয়েছেন এটি কম কথা নাকি? ওনি জ্ঞানী ব্যক্তি বলে এটা সম্ভব হয়েছে। ওনাকে আমরা ছাড়ব না।’

অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী যে দুরন্ত সাহস দেখিয়েছেন, বড় বড় বাজেট তিনি তৈরি করেছেন। স্বপ্ন দেখাচ্ছেন। সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন এবং উচ্চ প্রবৃদ্ধির দেশ-এর সবই সম্ভব করছেন তিনি।’

আলোচনায় সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন বিরোধী দলের নেতা। সমালোচনা করেন পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে ব্যয় বাড়ার। তার ভাষ্য, ‘প্রকল্পগুলোকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতুতে কয়েকবার বরাদ্দ বাড়ানো হয়েছে। রেল ও নদী শাসনের জন্য পরবর্তী সময়ে বরাদ্দ দেওয়া হয়েছে।’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রওশন। তিনি বলেন, ‘কোটা নিয়ে অনেক সমস্যা ছিল। প্রধানমন্ত্রী তা বাতিলের ঘোষণা দিয়েছেন। এখন কীভাবে এর সমাধান করা হবে, তা সবাই জানতে চায়। তবে মুক্তিযোদ্ধা কোটা রাখতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.