Sylhet Today 24 PRINT

এবার আরিফকে ছাড় দিতে নারাজ জুবায়ের

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৮

২০১৩ সালেও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে জোট থেকে মোনয়ন চেয়েছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের। তবে সে নির্বাচনে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা করে বিএনপি-জামায়াত জোট।

আরিফকে সমর্থন দিয়ে গত নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নেন জুবায়ের। এবারও মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াত নেতা জুবায়ের। তবে এবার আর আরিফকে ছাড় দিতে নারাজ তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিলো এ নির্বাচনে জামায়াতকে এই সিটি ছেড়ে দেওয়া হবে। এই শর্তে আমি গত নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নেই। কিন্তু বিএনপি এবার কথা রাখেনি। তারা আলাদা প্রার্থী দিয়েছে।

জুবায়ের বলেন, সিলেটের জামায়াতের নেতাকর্মীদের আগ্রহে আমি প্রার্থী হয়েছি। তাদের দাবি আমি যেনো নির্বাচন করি।

তিনি বলেন, এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে জোট থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। শুধু বিএনপি তার প্রার্থী চূড়ান্ত করেছে। আমরা আশাবাদী যে জোট আমাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করবে।

চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষণার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে জানিয়ে জুবায়ের বলেন, আমরা এখনো পর্যন্ত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি।

তিনি বলেন, স্থানীয় সরকার সবসময় জোট ভিত্তিক হয় না। জোট ভিত্তিক হয় জাতীয় নির্বাচন। আমরা গতবারের সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেও তা শেষ মূহুর্তে প্রত্যাহার করে নেই বিএনপির আশ্বাসে।

তিনি আরো বলেন, যদি জোটের পক্ষ থেকে কোন আশানরুপ ঘোষণা না আসে তাহলে আমরা আমাদের মতো স্বতন্ত্র থেকেই সিলেট সিটি করপোরেশন নির্বাচন করবো।

উল্লেখ্য, সিলেট সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হকের পাশাপাশি জামায়ত নেতা এহসানুল মাহবুব জুবায়েরও মনোনয়পত্র জমা দেন। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বদরুজ্জামান সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.