Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার রিভিউ শুনানি ৯ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত। পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির এই দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (৫ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দিন ধার্য করে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ২৭ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তাঁর সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে রয়েছেন খালেদা জিয়া


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.