Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার দেখা পেলেন না বিএনপি নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন দলটির নেতারা দেখা করতে চাইলেও পুলিশের বাধায় দেখা করতে পারেননি।

বুধবার (২২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে যান। তবে ফটক পর্যন্ত যেতে পারেননি তারা, তার আগেই পড়েন পুলিশের বাধার মুখে।

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে করা আবেদনের অনুলিপি এ সময় পুলিশকে দেখান মির্জা ফখরুল। তবে পুলিশ তাকে জানায়, খালেদা জিয়ার সঙ্গে কারো সাক্ষাৎ করার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ সময় বিএনপি মহাসচিব জেল কোডের কথা উল্লেখ করে বলেন, 'জেল কোডে বলা আছে, ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কেউ দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়। আমরা ১৩ আগস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। তারপরও আজকে দেখা করতে না দেওয়া দুর্ভাগ্যজনক। আপনারা আজকে ঈদের দিনে আমাদের নেত্রীর সাথে দেখা করতে দিলেন না; এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।'

এর আগে ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা। সেখানে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কারাগারে বন্দি থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তাদের ঈদ পালন করতে হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.