Sylhet Today 24 PRINT

২০১৪ সালের মতো নির্বাচনের চেষ্টা করলে দুর্বার আন্দোলন: মওদুদ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের মতো নির্বাচন করার চেষ্টা করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

বুধবার (২২ আগস্ট) সকালে ঈদের জামাত শেষে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ যদি বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে করার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। সরকার যদি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তাহলে তাদের সংলাপে আসতে হবে। সংলাপের বিকল্প কোনো পথ নেই।

এর আগে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মওদুদ আহমদ। এ সময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.