সিলেটটুডে ডেস্ক | ২৩ আগস্ট, ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার কথা দিয়েছিল, আলোচনার মাধ্যমে নির্বাচন পদ্ধতি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু তারা তা করেনি। কথা দিয়ে কথা না রাখা, জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের চিরাচরিত ব্যাপার।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আলোচনার মাধ্যমে নির্বাচন পদ্ধতি বিষয়ে সিদ্ধান্ত নেবে বললেও সেই কথা তারা রাখেনি।
ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ হয় না। নির্বাচন হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু নির্বাচনে জনগণ যদি ভোটই দিতে না পারে, সেই ভোট তো ভোট হতে পারে না। আমরা সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে যা দেখলাম, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে যা দেখেছি, তাতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন অর্থবহ হয় না। বরং তা প্রহসনে পরিণত হয়।
বিএনপির মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যা সমাধানে বিএনপি আগ্রহী, তবে এই সরকার তা চায় না। এই সরকার একটার পর একটা সমস্যা জিয়ে রেখে দেশে আরও একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাবন্দী করে বিএনপিকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে।
আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা নির্ভর করবে সরকারের ওপর। বিএনপি চেয়ারপার্সনকে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে তারা যদি নির্বাচনী পরিবেশ তৈরি করে, তবে।
সাংবাদিকদের সঙ্গে কথা শেষে সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন বিএনপি নেতা। এর আগে বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে চরে সৈয়দপুর বিমান বন্দরে নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ভজেসহ বিএনপি নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।