Sylhet Today 24 PRINT

‘ফরমায়েশি’ রায়ের শঙ্কা রিজভীর

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় 'ফরমায়েশি' রায় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৫ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

রিজভী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে মনে হয়, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রভাবিত করার জন্য তারা উঠেপড়ে লেগেছেন। ২১ আগস্টের বোমা হামলার রায় নিজেরা লিখে তা আদালতকে দিয়ে বাস্তবায়ন করাবেন কি-না মানুষের মনে এখন সেই সংশয় দেখা দিয়েছে। সরকারি দলের নেতাদের বক্তব্য শুনে মনে হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় একটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে।'

তিনি বলেন, 'ওবায়দুল কাদের সাহেব শুক্রবার (২৪ আগস্ট) বলেছেন, ২১ আগস্ট মামলার রায় আগামী সেপ্টেম্বরে হতে পারে এবং এই রায় হলে সংকটে পড়বে বিএনপি। কাদের সাহেবের বক্তব্যেই পরিষ্কার যে, তারা নীলনকশা অনুযায়ী ২১ আগস্টের বোমা হামলা মামলার রায় নিয়ে আগাম কাজ করছেন এবং সে জন্য একের পর এক ষড়যন্ত্রমূলকভাবে কূটচাল চালছেন।'

সরকার হয়তো সামনে আরও নতুন নতুন 'ষড়যন্ত্র' করবে এমন আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন,  'যতই ষড়ষন্ত্র আর মহাপরিকল্পনা করেন, আপনাদের পতন ঠেকানো যাবে না। আপনাদের পতনের ভূমিকম্প শুরু হয়ে গেছে।'

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.