সিলেটটুডে ডেস্ক | ২৭ আগস্ট, ২০১৮
নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে দায়ের করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ আগস্ট) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আমীর খসরুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ঢাকার মামলায় ৭ সপ্তাহের ও চট্টগ্রামের মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন বলে জানান আইনজীবীরা।
এর আগে গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
পরে ঢাকায়ও মামলা করা হয়। ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে কিশোর আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন মামলার বাদীরা।