সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০১৮
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারে নির্বাচন কমিশনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনে বিতর্কিত ও স্বচ্ছতাহীন ইভিএম পদ্ধতির সংযোজন কোনোভাবেই বরদাশত করা হবে না। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) আর কোনো অগণতান্ত্রিক সংযুক্তিও গ্রহণ করা হবে না।
বুধবার (২৯ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা।
আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত প্রস্তাবগুলো বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক এবং সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
লিখিত বক্তব্যে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আশু চারটি দাবি তুলে ধরা হয়। এসব দাবিতে রয়েছে- জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতে 'নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার' গঠন, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেওয়া, জনগণের আস্থাহীন ও সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা ও পেশিশক্তিনির্ভর বিদ্যমান নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার।
এসব দাবিতে ঘোষিত আন্দোলন কর্মসূচিতে রয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণি-পেশার নেতা ও ৮ সেপ্টেম্বর বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ১০ সেপ্টেম্বর ঢাকাসহ দেশব্যাপী জেলা-উপজেলায় সমাবেশ-বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে 'দাবি দিবস' পালন, ২০ সেপ্টেম্বর ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে ও জেলা পর্যায়ে জেলা নির্বাচন অফিস অভিমুখে বিক্ষোভ এবং ১১ অক্টোবর ঢাকায় সচিবালয় অভিমুখে বিক্ষোভ। এ ছাড়া সেপ্টেম্বর ও অক্টোবর দেশব্যাপী জেলা পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হবে।