Sylhet Today 24 PRINT

ইসিতেই ইভিএমের বিরোধিতা, কমিশনারের সভা ত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট আসনের এক তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এক ইসি সদস্য।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) নির্বাচন কমিশনের সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

পরে তিনি বলেন, বিষয়টি নিয়ে বেলা ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। সেখানেই বিস্তারিত জানাবেন বলে জানান এ মুক্তিযোদ্ধা।

স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিধান রয়েছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে এই বিধান নেই। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করতে হবে। বৃহস্পতিবারের নির্বাচন কমিশনের সভায় প্রথম এজেন্ডাই ছিল আরপিও সংশোধন বা আরপিওতে পরিবর্তন বিষয়ে।

বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনার ও সচিব হেলালুদ্দিন আহমেদ বৈঠকে বসেন। সভা শুরুর ৪০ মিনিট পর সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন মাহবুব তালুকদার। তবে বাকি তিন কমিশনার ও সচিবকে নিয়ে সভা চালিয়ে যান সিইসি।

মাহবুব তালুকদার বৈঠক তার নোট অব ডিসেন্টে লিখেন, এই ইভিএম ব্যবহারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। স্থানীয় নির্বাচনগুলোয় এরই মধ্যে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এতে রাজনৈতিক দল ও ভোটারের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

তিনি বলেন, এর আগে ৫০ কোটি টাকার ইভিএম ক্রয়ের নথিতে আমি ভিন্নমত পোষণ করেছিলাম। সম্প্রতি ইভিএমের জন্য যে প্রকল্প তৈরি করা হয়েছে, তাতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৯ কোটি টাকা। কোনো কোনো রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগামী সংসদ নির্বাচনে ব্যবহার যেখানে অনিশ্চিত। সেখানে এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ক্রয় করা কতটা যৌক্তিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.