Sylhet Today 24 PRINT

আরপিও সংশোধনের প্রস্তাব ইসির, ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়নি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিয়ে রাখার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ইভিএম নিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানান।

সিইসি বলেন, নির্বাচন কমিশন ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব করেছে। কয়েক দিনের মধ্যে এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের প্রক্রিয়া অনুয়ায়ী তা সংসদে উত্থাপন করা হবে। আইন পাস হলে সারা দেশে ইভিএম প্রদর্শনী হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে, পরিস্থিতি কিন্তু সে রকম নয়। স্থানীয় সরকার নির্বাচন ভালো ফল পেয়েছি। প্রয়োজনে যাতে সংসদ নির্বাচন তা ব্যবহার করা যায়, সে প্রস্তুতি নিতেই আমরা আইন সংশোধনের প্রস্তাব করেছি।

সিইসি বলেন, নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। রাজনীতিবিদেরা সম্মতি দিলে ইভিএম ব্যবহার করা হবে। এ বিষয়ে কমশিন সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ইভিএম ব্যবহার হবে সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।

মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট সম্পের্ক কে এম নুরুল হুদা বলেন, উনার ভিন্নমত থাকতে পারে এটা গণতান্ত্রিক পদ্ধতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.