Sylhet Today 24 PRINT

বিএনপির জোট ছাড়ায় এনডিপি চেয়ারম্যানকে বহিস্কার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ছাড়ায় খন্দকার গোলাম মোর্ত্তজাকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দল‌টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হ‌য়ে‌ছে। একই সঙ্গে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ওসমান গণি পাটোয়ারিকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়ে‌ছে।

মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাত ৮ টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক বৈঠকে গঠনতন্ত্রের ৫৭(ক)(খ)(গ)(ঘ) ধারা মোতাবেক সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দল ও ২০ দলীয় জোট বিরোধী কার্যকলাপ এবং সর্বশেষে জোট ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ওসমান গণি পাটোয়ারি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ইতোপূর্বে জোট ও সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে দল থেকে বহিষ্কার করা হ‌য়।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও তার অঙ্গ সংগঠন সমূহকে এবং ২০ দলীয় জোটসহ সংশ্লিষ্ট সকলকে এখন থেকে দলের চেয়ারম্যান হিসাবে মো. আব্দুল মুকাদ্দিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রচার সম্পাদক মো. জিয়াউল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.