Sylhet Today 24 PRINT

‘তৃণমূল বিএনপিকে’ নিবন্ধন দেওয়ার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৮

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’ নামের রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

রোববার (৪ নভেম্বর) এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরআগে, গত ১৪ আগস্ট হাইকোর্ট রুল জারি করেছিলেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন দলটির প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

এ মামলায় হাইকোর্ট তিনজনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিলেন। আদালত তাদের বক্তব্য শুনে রুলটি নিষ্পত্তি করেন।

পরে ব্যারিস্টার নাজমুল হুদা জানান, তৃণমূল বিএনপির নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছিলেন। ওই রুলের শুনানি শেষে আদালত রুলটি যথাযথ বলে ঘোষণা করেছেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি, চালান জমা দেওয়া হয়নিসহ তিনটি কারণ দেখিয়ে তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সম্বলিত একটি নোটিশ গত ১৪ জুন নির্বাচন কমিশন দলটিকে পাঠায়।

ওই নোটিশটি চ্যালেঞ্চ করে রিট দায়ের করা হয়েছিল। পরে রিটের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.