Sylhet Today 24 PRINT

প্রার্থী বদলাতেও হতে পারে: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় ও পরিস্থিতি বিবেচনায় অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে প্রার্থী বদলাতেও হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৫ নভেম্বর) সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেয়াকালীন সময়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

কাদের বলেন, আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। কোনও কোনও আসনে মনোনয়নের চিঠি দুটি করে দেয়া হয়েছে। প্রয়োজন হলে চিঠি পরিবর্তন হতে পারে। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।

তিনি বলেন, আগামীকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে। তবে জোটের আসন ৭০টির বেশি হবে না।

বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে বলেই পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলে পুলিশ, প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.