Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের কার্যালয় ভবনে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৮

রাজধানী ঢাকার পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লেগেছে। ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস।

শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, আমাদের দশটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে ওই টাওয়ারে।

সারাবাংলার একজন সাংবাদিক জানান, ছুটির দিন বলে অধিকাংশ ফ্লোরে কেউ ছিলেন না। যারা ছিলেন তাদের অধিকাংশেই আগুন লাগার খবরে নেমে যান। তবে ১৬ তলায় সারাবাংলা কার্যালয়ে আটজন এবং অন্য ফ্লোরে আরও চারজন আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা মই দিয়ে এবং পাশের ভবন থেকে এসে সবাইকে বের করে নিয়ে যান বলে জানান ওই সাংবাদিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.