Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে প্রতিবাদ করার লোক পাচ্ছেন না শামীম ওসমান

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘প্রশাসনের অনেকেই এখন নিজেকে জনপ্রতিনিধিদের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করেন। আমার সময় শেষ হয়ে আসছে। প্রতিবাদ করার লোক আমি নারায়ণগঞ্জে পাচ্ছি না।’

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

প্রশাসনের সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘প্রশাসন এখন মনে করছে তারা জনপ্রতিনিধিদের চেয়ে অনেক ওপরে উঠে গেছে। তারা অনেকেই নিজেকে জনপ্রতিনিধিদের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করেন।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রশাসনের দায়িত্ব আছে। তবে প্রশাসন তোমার মালিক না। তোমার করের টাকায় প্রশাসন লালিত পালিত হয়। তাই ছাত্রসমাজ চুপ থাকার কারণে আজ দেশে শিক্ষকদের ওপর নির্যাতন হচ্ছে, ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার আলবদররা দেশকে ধমক দেয়। তাই আমি চাই দেশের পক্ষে কথা বলার জন্য কিছু যোগ্য নাগরিক সৃষ্টি হোক। তোমরা নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের দায়িত্ব নাও।’

তিনি নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রসমাজের প্রতি জোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার সময় শেষ হয়ে আসছে। প্রতিবাদ করার লোক আমি নারায়ণগঞ্জে পাচ্ছি না। তাই সকল অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সরকারি তোলারাম কলেজের ছাত্ররা যদি রাস্তায় নামে, তাহলে নারায়ণগঞ্জে মাদক, ইভটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না।’

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ শাহ মো. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.