Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র র‍্যালী

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৫

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের আম্বরখানাস্থ কার্যালয় থেকে বিকেল ৪টায় এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। র‍্যালিটি নগরীর চৌহাট্টা পয়েন্টে আসলে পুলিশী বাধার সম্মুখীন হয়।

মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি পাপ্পু চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর, ছাত্র ফ্রন্ট ৩য় দশক উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক সপ্তর্শী দাশ, ছাত্র ইউনিয়ন বেসরকারী শাখার আহ্বায়ক তানিম হাসান, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমীন, দপ্তর সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকরণসহ শিক্ষা সংকোচনের সকল কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ করে ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারাকে শক্তিশালী করার লড়াই সংগ্রাম করে যাচ্ছে। বক্তারা পুলিশী বাধার তীব্র নিন্দা জানান। বক্তারা আরও বলেন, দেশের সভা সমাবেশের গণতান্ত্রিক অধিকার হরণ, অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার রাজনৈতিক হানাহানির বিরোদ্ধে ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ রক্ষার দাবিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.