Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর আরও দুটি বই বের হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও দুটি বই প্রকাশের প্রস্তুতি চলছে। এর একটি আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা ও ডায়েরি এবং অপরটি চীন ও সুইডেন ভ্রমণ নিয়ে। 

চীন ও সুইডেনে বঙ্গবন্ধু ভ্রমণ করেছিলেন। চীন সফর করেছেন দুবার। অসমাপ্ত আত্মজীবনীতে চীন সফরের কিছু বিবরণ থাকলেও পরবর্তী বইয়ে থাকছে বিস্তারিত। বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন ও কম্পোজ চলছে এখন।

আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুর লেখা ও ডায়েরি নিয়ে যে বইটি হচ্ছে সেটি আগামী ফেব্রুয়ারিতে (২০১৬) বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশের কথা রয়েছে। এতে বঙ্গবন্ধুর ১৯৬৮ সাল পর্যন্ত লেখালেখি থাকছে।

তাঁর চীন ও সুইডেন সফর নিয়ে লেখা বইটি বের হতে পারে আগামী বছরের (২০১৬) জুনে। বঙ্গবন্ধু রাজনীতিতে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকলেও অনিয়মিতভাবে ডায়েরি লিখতেন।

অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি পরিমার্জন ও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও সাবেক সাংসদ বেবী মওদুদ এবং ইংরেজিতে বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। পরবর্তী বই দুটির প্রস্তুতিপর্বের সঙ্গেও প্রধানমন্ত্রী, শামসুজ্জামান খান ও ফকরুল আলম যুক্ত আছেন। বেবী মওদুদ মৃত্যুর আগ পর্যন্ত এর সঙ্গে যুক্ত ছিলেন।

অসমাপ্ত আত্মজীবনীর মতো এ বই দুটিও একযোগে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হবে। বাংলাদেশে বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশ করছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বিদেশি সংস্করণটি করবে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। সব মিলিয়ে এ বই দুটি এক হাজার পৃষ্ঠার হতে পারে বলে।

বঙ্গবন্ধুর প্রকাশিতব্য বই নিয়ে কাজ করছেন এ রকম একজন লেখক-সম্পাদক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি বঙ্গবন্ধুর আরও দুটি লেখা পাওয়া গেছে অস্ট্রেলিয়াপ্রবাসী এক বাঙালির কাছে।

এ ছাড়া বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের ইংরেজি অনুবাদ নিয়েও কাজ চলছে। এটি অনুবাদ করছেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।

উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেশে-বিদেশে ব্যাপক সমাদৃত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.