সিলেটটুডে ডেস্ক | ১৫ আগস্ট, ২০১৫
'১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনগণকে সতর্ক থাকতে হবে'।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন খুনিরও বিচারের রায় কার্যকর বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা অব্যাহত থাকবে।'
১৫ অগাস্টের ষড়যন্ত্রের কথা তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, 'তখনও আমাদের দল ক্ষমতায় ছিল। তাহলে আমাদের দলের নেতা-কর্মীরা তখন কোথায় ছিল? তখন কি আমাদের কোনো ব্যর্থতা ছিল না? মাঝে মাঝে আমি আতঙ্কিত হই। বহু শক্তি আছে, মঙ্গল হোক সেটা চায় না।'