Sylhet Today 24 PRINT

তাপসের পদত্যাগে ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তাপস পদত্যাগ করায় রোববার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা-১০ আসন (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করা হয়।

মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে তাপস রোববার দুপুর দেড়টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এই আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় গত ২৭ ডিসেম্বর থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.