Sylhet Today 24 PRINT

বিদ্যুতের বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান কাদেরের

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

পুরনো ছবি

বিদ্যুতের বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে।

রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন ওবায়দুল কাদের। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর জন্য একটু কষ্ট হবে। বিদ্যুতের জন্য সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই দুর্ভোগ সাময়িক, এটি মেনে নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ ছিল। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন বিদ্যুৎ থাকত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ আর পানির জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আগে এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকত। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তভেজা মাটিতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অভাব মিটিয়ে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আমরা হঠাৎ করে গণতন্ত্রকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে পারিনি। গণতন্ত্রের জন্য অনেক রক্ত, অনেক আন্দোলন করতে হয়েছে। আজকে এসব দিন আমাদের ইতিহাসের পাতায় আছে বাস্তবে আমরা এ দিনগুলোকে ভুলে যাচ্ছি।’

চলমান অপকর্মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কাদের বলেন, ‘শেখ হাসিনা অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তিনি দলের লোককেও ছাড় দিচ্ছেন না। এই শুদ্ধি অভিযানে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.