সংবাদ বিজ্ঞপ্তি | ২৫ আগস্ট, ২০২০
মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) প্রথম ডিরেক্টর জেনারেল ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মারা গেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা ব্যাধিতে ভুগছিলেন।
মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সিসিক মেয়র। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা এই বীর উত্তমকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। সিলেটবাসি তথা দেশ হারিয়েছে একজন অভিভাবককে।