Sylhet Today 24 PRINT

এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণু পদ আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এয়ারপোর্ট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিষ্ণু পদ আচার্য্য আর নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে নগরীর চালিবন্দর শ্মশান ঘাটে তার সৎকার সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষ্ণু পদ আচার্য্য’র পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে প্রায় তিন মাস আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বিষ্ণু পদ আচার্য্য সিলেট শহরতলির ওসমানী বিমানবন্দর এলাকার এয়ারপোর্ট উচ্চবিদ্যালয়ে ২৮ বছর ধরে শিক্ষকতা করেছেন। তিনি সিলেটের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা। তার মূল বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলডুপ গ্রামে।

এদিকে, বিষ্ণু পদ আচার্য্য’র মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন এয়ারপোর্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তারা এক শোকবার্তায় বলেন, বিষ্ণু পদ আচার্য্য স্যারের মৃত্যুতে সিলেট এক বড় মাপের শিক্ষাবিদকে হারালো। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। শিক্ষকবৃন্দ পরলোকগত বিষ্ণু পদ আচার্য্য’র আত্মার শান্তি কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.