Sylhet Today 24 PRINT

রায়হানের পরিবারের পাশে ব্লাস্ট ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওর্য়াক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২০

পুলিশের নির্যাতন নিহত রায়হান উদ্দিানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বেসরকারী প্রতিষ্ঠান একডো’র অনুপ্রেরণায় গঠিত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে ব্লাস্ট সিলেটের বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট ইরফানুজ্জান চৌধুরী ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের সচিব লক্ষ্মীকান্ত সিংহ রায়হানের বাসায় যান। সেখানে গিয়ে তারা রায়হানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং মামলার খোঁজখবর নেন। তারা এধরনের বর্বরোচিত পুলিশী নির্যাতনে রায়হানকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে তার পরিবারকে আইনী সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

এ সময় প্রতিনিধিদল স্থানীয় সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, নিহতের চাচা হাবিবউল্লাহ চৌধুরীসহ স্থানীয় কিছু লোকদের সাথেও কথা বলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ঐ দিন সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে রায়হানের গায়ে যে জামাটি তারা দেখতে পান সেটি রায়হানের জামা নয়। তাদের ধারণা রায়হানকে নির্যাতনের সময় তার জামাকাপড় ছিঁড়ে যাওয়ায় পুলিশ তাকে (রায়হানকে) অন্য কারো জামা পরিয়েছে। রায়হানের পরিবারের পক্ষ থেকে এ জামার বিষয়েও তদন্ত করে এর প্রকৃত মালিক কে তা জানানোর জন্য দাবি করা হয়।

উল্লেখ্য যে, গত ১১ অক্টোবর ভোরে রায়হান আহমদ নামে সিলেটনগরীর আখালিয়া নেহারপাড়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে শহরের কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের দায়ে গণপিটুনিতে তার নিহত হবার কথা দাবি করলেও পরবর্তীতে পরিবার অভিযোগ করে, ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতনের মাধ্যমে রায়হানকে হত্যা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.