Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ, সিলেট।

গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

সহকারী পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহনেওয়াজ ও গীতা পাঠ করেন এসআই (নি.) বিনয় চক্রবর্তী।

এরপর মঞ্চে উপবিষ্ট অতিথিরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ১১ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়, যার মধ্যে ৩ জন শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.