Sylhet Today 24 PRINT

আলীনগর ইউনিয়নকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার ঘোষণা শিশুর

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন নতুন চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।

সোমবার (৩১ জানুয়ারি) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আহবাবুর রহমান খান শিশু বলেন, সন্ত্রাস, মাদকমুক্ত এবং চুরি-ডাকাতি প্রতিরোধের লক্ষ্যে অতি শিগগিরই আমরা পুরো ইউনিয়নকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসব। এতে করে একদিকে যেমন চুরি-ডাকাতি বন্ধ হবে, অন্যদিকে সন্ত্রাস ও মাদকের কবল থেকে আমাদের তরুণ সমাজ রক্ষা পাবে।

তিনি বলেন, আলীনগর ইউনিয়নে যেকোনো বিষয়ে যাতে বিবাদ-বিসম্বাদ লেগে না থাকে সেজন্যে আমাদের গ্রামে-গ্রামের মুরুব্বিয়ানদের বন্ধনকে সুদৃঢ় করতে হবে। স্থানীয় সমস্যাগুলো যাতে বড় আকার ধারণ না করে সেজন্যে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।

তিনি দায়িত্ব গ্রহণকারী সকল ইউপি সদস্যসহ এলাকাবাসীর কাছে সহযোগিতা কামনা করে বলেন, আমাদের ইউনিয়ন নানা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী পাঁচ বছরে আমরা অনেক দূর এগিয়ে যাব।

এরআগে, ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন আহবাবুর রহমান খান শিশু। তার পূর্বসূরি মামুনুর রশিদ মামুন দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ইউপি সচিবের মাধ্যমে তিনি নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফকরুল আলম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য সালেহ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য সামসুল হক, ৩নং ওয়ার্ডের সদস্য মাওলানা জুবায়ের আহমদ, ৪নং ওয়ার্ডের সদস্য সাদ উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য গৌছ উদ্দিন, ৬নং ওয়ার্ডের সদস্য জাকারিয়া আহমদ রুমন, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল আহাদ, ৮নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনির, ৯নং ওয়ার্ডের সদস্য আফতাব উদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুসহ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান। এরপর রোববার (৩০ জানুয়ারি) সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করান বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহবাবুর রহমান খান শিশু স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরআগে দুই দফা চেয়ারম্যান ছিলেন মামুন। নির্বাচনে আহবাবুর রহমান খান শিশু ৫৫৪৯ ভোট পান। মামুনুর রশিদ মামুন পান ৪৯৮৭ ভোট। ইউপি নির্বাচনে অন্য দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদেক আহমেদ চৌধুরী টুরু (স্বতন্ত্র) ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা হোসাইন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.