Sylhet Today 24 PRINT

ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হকের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

ইউজিসির চেয়ারম্যান বরাবর প্রেরিত এক অভিনন্দন বার্তায় প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “আপনার নেতৃত্ব, জ্ঞান এবং শিক্ষার প্রসার, সংস্কার ও মান সংরক্ষণে অবদান আপনাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে পুনরায় অধিষ্ঠিত করেছে। আপনার অভিজ্ঞতা, দক্ষতা ও কৌশলগত অন্তর্দৃষ্টি এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে। যা আমাদের দেশে উচ্চশিক্ষার ভবিষ্যতকে আরও আলোকিত করবে।”

উচ্চশিক্ষার গবেষণার প্রতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর অবদানের কথা উল্লেখ করে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আমি বাংলাদেশের উচ্চ শিক্ষাব্যবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগের ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করেছি। শিক্ষা ও গবেষণার মানের নিশ্চয়তা, এতদসংক্রান্ত তহবিল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আপনার গুরুত্বারোপ একটি চমৎকার উচ্চশিক্ষার পরিবেশ তৈরি করেছে। আমার প্রত্যাশা আপনার নির্দেশনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষাসংশ্লিষ্ট সকল উন্নয়নের ভিত্তি হয়ে থাকবে।”

সিলেট তথা বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার গুণগত মান বাড়াতে এবং অ্যাকাডেমিক গবেষণা সম্প্রসারণের জন্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আগামীর দিনগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন বলেও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক তার অভিনন্দন বার্তায় উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.